শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, পরিবেশমন্ত্রীর দাবি

দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সরকার, সমাজ ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণসর্বশেষ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, পরিবেশমন্ত্রীর দাবি

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি বলেছেন, সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলীর তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। পরিবেশ মন্ত্রীর লক্ষীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী উল্লেখ করেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়াতে হয়। এর দায়িত্ব পিতা-মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের একসাথে কাজ করতে হবে। সব সমস্যা শুধুমাত্র রাষ্ট্রের উপর ছেড়ে না দিয়ে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও দেশের কল্যাণে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত। আপনারা সরকারি কর্মকর্তারা আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ করবেন।

অপরাধ পরিস্থিতি ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে লক্ষ্মীপুর জেলায় মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে; এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।

পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন কার্যক্রম নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কর্তন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল ও পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। গত এক বছরে জেলার প্রশাসনের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জানানো হয়, গত এক বছরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান পরিচালনা করে ১৬টি মামলা এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সময়ে জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযান পরিচালনা করে ৫৯টি মামলা এবং ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অগ্রগতি

মাদকবিরোধী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোট ৯৮৭টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা ও ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে। এ সময়ে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা এবং ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

সভায় কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ সম্পাদন করেন, যাতে দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত প্রচেষ্টা সক্রিয়ভাবে কাজে পরিণত হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ