সাত বছরের শিশুকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে থাপ্পড মেরে আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে ওই মাদ্রাসায় ভাঙচুরের মামলায় সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ওই ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করে। আজ মঙ্গলবার রুমির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান সাংবাদিকদের জানান, হাইকোর্ট রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তাই এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না।
আদালতে রুমির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বেলাল হোসেন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।
গত ২৩ অক্টোবর টঙ্গী থানায় মামলাটি করেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম মো. আলমাস হোসেন। এজাহারে বলা হয়, সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের জেরে গত ২১ অক্টোবর শাহজালাল রুমি ও তার সহযোগীরা জোর করে মাদ্রাসায় ঢোকেন। তারা সেখানে হামলা, ভাঙচুর ও লোকজনকে মারধর করেন।
জমি কেনার জন্য টেবিলের ড্রয়ারে রাখা ১৭ লাখ টাকা শাহজালাল রুমি নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।







