আগামী গ্রীষ্মে সোলার ব্যবহারের মাধ্যমে লোডশেডিং কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সোলারকে এগিয়ে নিয়ে যেতে সরকার নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
আগামী ৩-৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে তারা সোলারের জন্য কাজ করছেন এবং দেশের মানুষকে উৎসাহিত করছেন। সে জন্যই এই এক্সপোর আয়োজন করা হয়েছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, এবং প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না। তিনি বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







